Header Ads

বোকা-দা

আমার ফুপাতো ভাই রবিনের কাছ থেকে দুইটা গালি শিখেছিলাম, খুবই প্রচলিত গালি কিন্তু আমাকে এটা প্র্যাক্টিস করে আয়ত্তে আনতে হয়েছিল। ও তখন ৭/৮ বছরের হবে হয়ত, আমিও কিশোর। ও চট করে কথায় কথায় বলে ফেলত, খুব মানাতো!যাইহোক গ্রামে থেকে কয়েক কোটি গালাগালির উপরে ডিগ্রি নিতে হয়েছিল। কারণ আমার পাড়াতে দুইটা ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতো।
এক, সন্ধ্যার সময় আমার বাড়ি থেকে প্রথমে ধুপধাপ শব্দ এরপর মাগো-বাপগো বলে চিল্লাতে চিল্লাতে আমার দৌড়ে পালানো।
আর দুই, ঝগড়া।
আমার সেই ছোটবেলা থেকে বেড়ে ওঠার জায়গাটা এখনও তেমনি আছে (হয়তো)। আপনি যদি এই মুহুর্তে সিদ্ধান্ত নেন যে আমার পাড়াতে যাবেন, যান-পেয়ে যাবেন ২৪ ঘন্টার লাইভ ঝগড়া। কেউ না কেউ ঝগড়া করছেই। আর ঝগড়ার কারণ কিন্তু বড় কিছু না। হয়তো কারো ছাগল কারো শুকাতে দেওয়া ধানের উপরে হিসু করে করেছে, হয়ত কারো মুরগীটা কারো বাগানের চারাগাছগুলো পা দিয়ে আলগা করে দিয়েছে। যাইহোক, আলোচনার ব্যাপারটা হচ্ছে ঝগড়া থেকে বের হয়ে আসা গালিগুলো।
কুষ্টিয়া পর্যন্তও গালিগুলো চর্চার ভেতরে ছিল, সাথে সবসময় বন্ধুরা থাকতো যেহেতু। কিন্তু গাজীপুর হয়ে ঢাকাতে আসার পথটাতে একরকম ভাষার বিবর্তনের কারণে সেই গালিগুলো মনের ভেতরেই পচে গলে শুকিয়ে গেছে। ঢাকার গালিহীন জীবনের অলিগলিতে কষ্ট করে পরিষ্কার ভাষা ব্যবহার করতেই হতো। ব্যস্ততাকে সাথে নিয়েই পরে অবশ্য অভ্যস্থ হতে হয়েছে। পাশাপাশি দেশের এ-মাথা ও-মাথা এক করতে যেয়েও আঞ্চলিক ভাষার মিশ্রণে নিজস্ব ভাষা এবং গালি একেবারে জগাখিচুড়ী হয়েছে । জাপানে এসে এখন বাংলাভাষা মানেই আমার আঞ্চলিক ভাষা, কষ্ট করে চিবিয়ে চিবিয়ে শুদ্ধ করে যদি বলতেই হয় তবে জাপানিজে বা ইংরেজীতে বলার চেষ্টা করবো কিন্তু বাংলা হবে আমার গ্রামের ভাষাতেই। গালিও হবে।

অফিসের নতুন বসটা (এইটা পাতি বস টাইপের) খুব ঝামেলা করে মাঝে মাঝে। অনেক মেজাজ খারপ হলে নিজের অজান্তেই ওকে মুখের ওপরেই বাংলায় গালি বসিয়ে দিই। একটাই দিই। সহজ সাবলীল, সন্দুর, শ্রুতিমধুর, অর্থটাও সহনীয় । রবিনের সেই গালিটা। "বোকা-দা"। বেশ কয়েকবার শোনার পর একবার এই ১৯ বছর বয়সী ছোকড়া (বস) জিজ্ঞাসা করলো এইটার মানে কি? এক ছুটির দিনের অফিস শেষে চুটিয়ে গল্প করার ফাঁকে আমি ওকে সুন্দর করে বুঝিয়ে দিলাম মানেটা। জাপানিজে 'বাকা(Baka-ばか)'-এর অর্থ বোকা বা নির্বোধ, ইংরেজিতে idiot, fool, moron, bonehead, stupid ইত্যাদ। আমার গালির বাংলা অর্থের সাথে অনেকটা মিল থাকাতে এক ঢিলেই কাজ হয়ে গেলো।
তবে আমি খুব ভাল করেই জানি যে, বিদেশীদের আপনি ভাল-মন্দ যাই শেখান না কেন, তা সে আপনার উপরেই প্রথমে প্রয়োগ করবে। অর্থাৎ আমার গালি বুমেরাং হয়ে আমার কাছেই আসবে-তা জানি। আমাকে এমনিতেও এই গালি জীবনে কম মানুষ দেয়নি। অভ্যাশ আছে শোনার।
কয়েকদিন পর আবার ঝামেলা হলে, ও দুম করে আমাকে এই গালি দিয়ে বসল। আমি তো হেসেই কুটিকুটি! মজা লাগে না বলেন? জাপানিজ বস কষ্ট করে একটা বাংলা গালি শিখেছে। এটা শুনে আমি প্রথমে হেসে কুটিকুটি হলেও পরে চটে যাচ্ছি দেখে ও এইটার গুরুত্ব বুঝল এবং চরম মূহুর্তেই কেবল এটা বলা শুরু করল। প্রথম কয়েকদিন ভাল লাগলেও পরে গায়ে বেঁধে গেলো। গালি শোনার কাজ করবে ও, আবার আমাকেই গালি শোনাবে! দাঁড়া রে শালা!
যাইহোক এতোদিনে ও আমার বন্ধু হয়ে গেছে। একসাথে আমরা বাইরে খেতে যাই, ছুটির পরে গল্প করি, আড্ডা দিই। তারপরেও বস তো বসই। আর বসকে একটু কাঠি না নাড়ালে ভাল লাগে না। একদিন ওকে অংক করে বোঝালাম, শোন শুধু
"ばか বাকা" শব্দের মানে "বোকা-দা",
কিন্তু
"আমি বোকা-দা(あみぼかちょだ)শব্দের মানে হলো "খুব বাকা/বোকা (とてもばか)"

এরপর থেকে ও রেগে গেলে আমাকে এসে বলে
"নাশিম, আমি বোকা-দা"
(ナシム、あみぼかちょだ)"



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.